মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন বিষয়ক এক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সিভিল সার্জন ডা. আবু সাইদ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বশির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলাম।
সেমিনারে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদনের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এবং জেলার অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় বক্তারা অর্থনৈতিক শুমারির তথ্যকে কাজে লাগিয়ে জেলার সামগ্রিক উন্নয়ন ও নীতিনির্ধারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে অংশগ্রহণকারীরা শুমারির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে তথ্যভিত্তিক পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

