দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কয়েকদিনের টানাপোড়েন ও উত্তেজনার পর বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পুশইনসহ কোনো ঘটনা না ঘটায় সীমান্ত এলাকায় স্বস্তি ফিরে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণও লক্ষ্য করা যাচ্ছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সম্প্রতি বিএসএফের একটি পুশইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলেও জানানো হয়।
সূত্র অনুযায়ী, গত ১২ জুন ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৪৮/৩-এস সংলগ্ন স্থানে ১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির টহল দল ও গোয়েন্দা নজরদারির কারণে বিষয়টি শনাক্ত হলে স্থানীয়দের সহযোগিতায় তা প্রতিহত করা সম্ভব হয়।
পরবর্তীতে ১৩ জুন বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিবাদ জানানো হয়।
ঘটনার পর ওই ১২ জন ব্যক্তি সীমান্তের শূন্য রেখার কাছাকাছি ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সীমান্তে টহল জোরদার করে।
পরে ১৫ জুন দুই পক্ষের মধ্যে স্পট মিটিং অনুষ্ঠিত হয়। আলোচনার এক পর্যায়ে বিজিবি দাবি করে, ব্যক্তিরা যেকোনো পথেই আসুক না কেন তারা বর্তমানে ভারতীয় ভূখণ্ডেই অবস্থান করছে এবং তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া উচিত। পরে একই দিন বেলা ১১টার দিকে বিএসএফ ওই ১২ জন ব্যক্তিকে তাদের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।
এরপর উভয় বাহিনী নিজ নিজ অবস্থানে ফিরে যায় এবং সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে দৌলতপুর সীমান্তে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

