গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। দণ্ডপ্রাপ্ত বিকাশ গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত বিকাশ মাদকের টাকার জোগান দিতে না পারলেই বসতঘর ভাঙচুরসহ তার মা-বাবাকে মারধর করতেন। তাকে সুস্থ করার জন্য ৬ মাস রিহ্যাবে রাখা হয়েছিল। রিহ্যাব থেকে ফিরে সঙ্গদোষে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে সে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, মাদকসেবী বিকাশ মাদকের টাকার জন্য তার বাবা-মাকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছিল। মঙ্গলবার (১৬ জুন) সকালে মাদক সেবনের তথ্যের ভিত্তিতে হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে তাকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

