কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের পরনে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল-সাদা জার্সি। হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও প্রিয় খেলোয়াড়দের প্ল্যাকার্ড।
ভুভুজেলা ও বাঁশির শব্দে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। “আর্জেন্টিনা, আর্জেন্টিনা”, “মেসি, মেসি” স্লোগানে চারপাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক মো. লালন শেখ বলেন, ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের বড় অংশ আর্জেন্টিনা। কোটালীপাড়ার মাটিতে আর্জেন্টিনার প্রতি সমর্থকদের ভালোবাসা আজকের এই শোভাযাত্রায় প্রমাণ হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রিয় দল আর্জেন্টিনা ভবিষ্যতেও দর্শকদের সুন্দর ফুটবল উপহার দেবে।

