শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় আহত স্বামীর চিকিৎসার জন্য রাখা টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসুস্থ স্বামী বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শংকরকাটি গ্রামের লিপিকা বৈরাগী (৩১) একই গ্রামের সম্পর্কীয় কাকা দেবব্রতের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামীকে ফেলে অজানার উদ্দেশ্যে চলে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, যাওয়ার সময় তিনি স্বামীর জমি বিক্রির মাধ্যমে চিকিৎসার জন্য রাখা ৪ লাখ টাকা এবং স্বর্ণালংকারসহ মোট ৫ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যান।
ভুক্তভোগী স্বামী জানান, লিপিকা বৈরাগী ও দেবব্রতের ব্যবহৃত একাধিক মোবাইল নম্বর থাকলেও অধিকাংশ সময়ই সেগুলো বন্ধ পাওয়া যায়। কখনো ফোন খোলা থাকলেও যোগাযোগ করা সম্ভব হয় না বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় অসুস্থ স্বামী শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগের প্রায় দুই মাস পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি বলে দাবি করা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি বারবার চেষ্টা করেও কোনো সাড়া পাননি। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন তিনি। এ বিষয়ে তিনি জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

