গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎ ব্যবহারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক গ্রাহককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে দীর্ঘদিনের বকেয়া বিল থাকায় ২৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার বিকেলে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী ডিজিএম প্রকৌশলী মো. এ. হালিম খান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
অভিযানকালে নন্দনপট্টি গ্রামের মিজান সরদারের পুত্র রবিউল সরদারের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এছাড়া গৌরনদী ডি জি এম অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জুবায়ের হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ না করায় ২৩টি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. এ. হালিম খান জানান, বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা নিশ্চিত করা, অবৈধ সংযোগ রোধ এবং বকেয়া আদায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি গ্রাহকদের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানান।

