বরগুনা প্রতিনিধি
প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প উদ্ভাবন করে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬-এর জাতীয় পর্যায়ে বিশেষ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে বরগুনা সাইন্স সোসাইটির প্রকল্প ‘শূন্য’।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জাতীয় পর্যায়ে অংশ নেয় প্রকল্পটি। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ১৪ থেকে ১৬ জুন অনুষ্ঠিত তিন দিনব্যাপী মেলায় এ প্রকল্প প্রদর্শিত হয়।
মঙ্গলবার (১৬ জুন) সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক ড. মনিরুজ্জামান বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন।
‘শূন্য’ প্রকল্পের মাধ্যমে আখের ছোবড়া ও বিভিন্ন গাছের কষ ব্যবহার করে বায়োডিগ্রেডেবল উপাদান ‘শূন্য দানা’ তৈরি করা হয়েছে, যা প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়া এ উপাদান দিয়ে একবার ব্যবহারযোগ্য প্লেট তৈরি করা হয়েছে, যা ২০ থেকে ২৫ দিনের মধ্যে মাটির সঙ্গে মিশে যায়।
প্রকল্পের দলনেতা আকিল আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প উদ্ভাবনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎপাদন সম্প্রসারণে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন বলেও তিনি জানান।
বরগুনা সাইন্স সোসাইটি ২০১৮ সাল থেকে জেলার শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কার্যক্রমে যুক্ত করে আসছে। জাতীয় পর্যায়ে এ অর্জন বরগুনার তরুণ উদ্ভাবকদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

