মো.মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কৃষকদের মাঝে AWD (Alternate Wetting and Drying) পাইপ বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর-২ অঞ্চলের ফাসিয়াতলা ও সমিতিরহাট শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ২৫ জন সদস্যের মাঝে মোট ৫০টি AWD পাইপ বিতরণ করা হয়। একই সঙ্গে পাইপের সঠিক ব্যবহার বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন। তিনি বলেন, ব্র্যাকের এ ধরনের সময়োপযোগী উদ্যোগ দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। AWD প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ব্যয় কমবে, কৃষকের মুনাফা বাড়বে এবং কৃষি আরও টেকসই হবে।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক বলেন, AWD আধুনিক কৃষিবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যার মাধ্যমে প্রায় ২৮ শতাংশ পর্যন্ত পানি সাশ্রয় সম্ভব। এটি টেকসই কৃষি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক বাঁধন রানী দাস বলেন, ব্র্যাক শুধু ঋণ প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ক্রেডিট প্লাস কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে AWD পাইপ, ফিড পিলেট, ক্রাশার মেশিন, হাঁসের বাচ্চা, মাছের পোনা বিতরণসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
পাইপ ও প্রশিক্ষণ পেয়ে উপকারভোগী কৃষকরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং AWD প্রযুক্তি ব্যবহার করে পানি সাশ্রয়, উৎপাদন ব্যয় কমানো ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের জেলা সমন্বয়ক মিটু রানী, এলাকা ব্যবস্থাপক (দাবি) দেলোয়ার হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) সম্রাট হোসেনসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা।

