নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে শিক্ষকবৃন্দের জন্য মঞ্জুরকৃত ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের ফলাফল, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে ‘অ্যানুয়াল পেপার মিট’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। স্বাগত বক্তব্য দেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনের মধ্য দিয়েই দেশের শিল্প, অর্থনীতি ও সমাজে কার্যকর অবদান রাখা সম্ভব। তিনি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অধিকতর প্রকাশনা, পেটেন্ট এবং শিল্পখাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ডুয়েটে গবেষণাকেন্দ্রিক পরিবেশকে আরও সমৃদ্ধ করা এবং উদ্ভাবনী কর্মকাণ্ডকে উৎসাহিত করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গবেষণা কার্যক্রম সফলভাবে পরিচালনা, র্যাংকিং ও প্রকাশনা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা খাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধির জন্য ইউজিসির প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করে বলেন, গবেষণার ফলাফল যেন শিল্পকারখানা ও বাস্তব জীবনে প্রয়োগযোগ্য হয়—এটাই আমাদের লক্ষ্য।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন গবেষণা কার্যক্রমের ধারাবাহিক মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সমাজে গবেষণার ফলাফল প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প পরিচালকরা তাঁদের গবেষণার লক্ষ্য, পদ্ধতি, গুরুত্বপূর্ণ অনুসন্ধান, অর্জিত ফলাফল এবং সম্ভাব্য প্রয়োগ বিষয়ে উপস্থাপনা করেন। উপস্থাপনাগুলো শেষে প্রশ্নোত্তর পর্বে আন্তঃবিভাগীয় সহযোগিতা ও গবেষণালব্ধ ফল বাস্তবায়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
সমাপনী পর্বে গবেষণা প্রকল্প পরিচালকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, দপ্তর প্রধান, প্রকল্প পরিচালক, সহযোগী প্রকল্প পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

