কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে বরিশাল বিভাগের মুখ উজ্জ্বল করেছে ক্ষুদে প্রতিভা অর্জুন মুখার্জি।
অর্জুন বরিশাল জেলার একটি প্রত্যন্ত এলাকার উপজেলা মঙ্গল শোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার আগ্রহ ও নিষ্ঠা তাকে জাতীয় পর্যায়ের এই সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
জাতীয় পর্যায়ে পদক অর্জনের আগে অর্জুন ধারাবাহিকভাবে পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিটি ধাপে নিজের অসাধারণ অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে সে জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেরা প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে অর্জুন। এ অর্জনের মাধ্যমে সে শুধু নিজের পরিবার বা বিদ্যালয়কেই নয়, সমগ্র বরিশাল বিভাগকে গৌরবান্বিত করেছে।
সম্প্রতি আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ অর্জুনের হাতে সম্মাননা স্মারক ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অর্জুনের এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, নিয়মিত অনুশীলন, আত্মবিশ্বাস ও অভিনয়ের প্রতি ভালোবাসাই তাকে এ সাফল্য এনে দিয়েছে।
স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, অর্জুন ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনবে। তার এই অর্জন নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলেও মনে করছেন তারা।

