কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার ক্ষুদে শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং কচিমুখ নাট্যাঙ্গনের সদস্য অর্জুন পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে এ সাফল্য অর্জন করে।
অর্জুনের এই সাফল্যে কলাপাড়াজুড়ে আনন্দের বন্যা বইছে। স্থানীয়দের মতে, প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষার প্রতিযোগিতায় এমন সাফল্য এনে দিয়ে কলাপাড়ার মুখ উজ্জ্বল করেছে সে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান।
অর্জুনের এই কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেসারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অর্জুনের প্রশিক্ষক ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও কলাপাড়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান মিরাজ। তিনি বলেন, “অর্জুন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।”
অর্জুনের এই সাফল্যের পেছনে তার পরিবারের নিরলস উৎসাহ ও সহযোগিতা রয়েছে। তার বাবা অশোক মুখার্জী, যিনি কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং মা শুভ্রা চক্রবর্তী কল্যাণী, কলাপাড়া মহিলা কলেজের শিক্ষিকা ও সাংস্কৃতিক কর্মী। বড় বোন দেবশ্রী মুখার্জীও অভিনয়, আবৃত্তি ও জারিগানে পাঁচবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন।
অর্জুনের বাবা-মা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

