বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শফিকুল ইসলাম চান (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের ছোবলের শিকার হন।
শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পুরান বাঁশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে পাট ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যান শফিকুল ইসলাম চান। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দিলে তিনি বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের সদস্যরা তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাস কাটতে গেলে সাপের কামড়ে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

