নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
দুর্যোগ মোকাবিলা ও সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জিআর (গ্র্যাটুইটাস রিলিফ) চাল, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
এতে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদিরসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দুর্যোগকালীন সহায়তার পাশাপাশি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি সহায়তা যেন যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চালের বরাদ্দপত্র, দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

