বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
রোববার (২১ জুন) দুপুরে জামালপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর সদস্যরা শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাখিমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিদেশি মদ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ বিষয়ে জনগণের সহযোগিতা কামনা করছি।”

