ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আর্থিক উন্নয়নের লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডির সহযোগিতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাউদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।
কংগ্রেসে বক্তারা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের আয় বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

