কুবি প্রতিনিধি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মেধাবৃত্তি পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাত শিক্ষার্থী। প্রত্যেককে ২৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৮২ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা বিনিময় ও স্কলারশিপ চেক বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—পরিসংখ্যান বিভাগের (২০১৯-২০) পূজা শ্রী বিশ্বাস, বাংলা বিভাগের (২০১৯-২০) আয়েশা আক্তার, অর্থনীতি বিভাগের (২০১৯-২০) ইসরাত জাহান রুমী, মার্কেটিং বিভাগের (২০১৯-২০) হুরে জান্নাত অর্না, আইসিটি বিভাগের (২০১৯-২০) জান্নাতুল ফেরদাউস হৃদ্যি, আইন বিভাগের (২০১৮-১৯) মোহাম্মদ রেজাওনুল ইসলাম গনি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী কোটায় প্রত্নতত্ত্ব বিভাগের (২০১৯-২০) জান্নাতুল ফেরদৌস।
অনুভূতি প্রকাশ করে পূজা শ্রী বিশ্বাস বলেন, “ইউজিসির স্কলারশিপ পাওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। মা, শিক্ষকদের অনুপ্রেরণা এবং সিনিয়রদের সহযোগিতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্যেও সবার উৎসাহ আমাকে সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে।”
আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রেজাওনুল ইসলাম গনি বলেন, “একাডেমিক জীবনে অনেক পরিশ্রম ও নির্ঘুম রাত পার করতে হয়েছে। এই স্কলারশিপ সেই পরিশ্রমের স্বীকৃতি। শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের দৃঢ় সংকল্প আমাকে লক্ষ্য অর্জনে সহায়তা করেছে।”
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন যথাযথভাবে তুলে ধরা আমাদের দায়িত্ব। এতে অন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। তাই বিভাগীয় প্রধানদের নিজ নিজ অনুষদের ডিনদের সঙ্গে সমন্বয় করে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপের চেক তুলে দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।”

