জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দকে এবং সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মামুনুর রশীদকে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (৬ জুলাই) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনিযুক্ত আহ্বায়ক লিটন আকন্দ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থানের সময় জাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সদস্যসচিব মামুনুর রশীদ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আংশিক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান এবং তারিফুল ইসলাম শরীফ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকারকে।
এছাড়া যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হিসেবে সজীব ইসলাম, যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) হিসেবে লিমন ভূঁইয়া এবং মুখ্য সংগঠক হিসেবে মনির আহমেদকে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে।

