জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সহকারী প্রক্টর হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ৯(১) অনুযায়ী তাঁকে আগামী দুই বছরের জন্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে এবং তিনি বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের অনুমোদনক্রমে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে।
নবনিযুক্ত সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান বলেন, “মাননীয় উপাচার্য আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয়। আমি শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শুনব এবং সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেকোনো প্রয়োজনে আমার সহযোগিতা পাবে। আমার মূল লক্ষ্য হবে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন সহকারী প্রক্টরের দায়িত্বশীল নেতৃত্বে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় হবে।

