পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাগুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ বিষয়ে এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, প্রতিবাদকারী স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া, প্রাণনাশের হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে।
বক্তারা দাবি করেন, গত ২৪ জুলাই সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন এবং তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এছাড়া গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উত্থাপন করা হয়।
এসব ঘটনার কারণে নারী, শিশু ও সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিনের কাছে একটি গণআবেদন জমা দেওয়া হয়। এতে এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

