হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসির পক্ষ থেকে এক গ্রাহকের মৃত্যুদাবির ৯৮ হাজার টাকার চেক তাঁর নমিনি স্ত্রীর হাতে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার মনাকষা জোনাল অফিস মিলনায়তনে চেক হস্তান্তর ও আলোচনা সভার আয়োজন করা হয়। জোনাল অফিসের সেলস ম্যানেজার ও অফিস ইনচার্জ মো. মিলন রেজার সভাপতিত্বে এবং ব্রাঞ্চ ম্যানেজার মো. আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স পিএলসির উপ-ব্যবস্থাপনা ও প্রকল্প পরিচালক মো. আলাউদ্দীন মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুস শরিফ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা ইসলামী বীমার বিভিন্ন দিক ও মানুষের জীবনে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে চর সিংনগর এলাকার মৃত জহির উদ্দীন ট্রাস্ট ইসলামী লাইফ ইনশিওরেন্সে ১ হাজার টাকার বীমা করে মাত্র ৩ হাজার টাকা প্রিমিয়াম পরিশোধের পর মৃত্যুবরণ করায় তাঁর নমিনি স্ত্রী মোসা. রোজিনা খাতুনের হাতে ৯৮ হাজার টাকার মৃত্যুদাবির চেক তুলে দেন প্রধান অতিথি মো. আলাউদ্দীন মিঞা।
প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মাত্র সাত কর্মদিবসের মধ্যে মৃত্যুদাবির চেক হস্তান্তর করায় উপস্থিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা প্রতিষ্ঠানটির কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা এ ধরনের সেবা ও দ্রুততার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় মৃত্যুদাবির চেক ছাড়াও দুইজন গ্রাহককে এসবি চেক এবং একজনকে স্বাস্থ্য সুরক্ষা চেক হস্তান্তর করা হয়।

