মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও নিয়মিত পাঠদানে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মোক্তার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. শফিকুল ইসলাম, সুদীপ সরকার, সবিতা রাণী সরকার, শিক্ষার্থীর অভিভাবক সাইফুল ইসলাম এবং খালিয়াজুরী প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা আক্তার, দীপেশ চন্দ্র সরকার, দীনুক সরকার, মো. মাহবুবুল আলম, অফিস সহকারী সাব্বির আহমেদসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া শতাধিক শিক্ষার্থীর অভিভাবক সমাবেশে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবক—উভয়কেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব পালনের পাশাপাশি বাড়িতে অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষক ও অভিভাবক যথাযথভাবে দায়িত্ব পালন করলে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নত হওয়ার পাশাপাশি ভালো ফলাফল অর্জন সম্ভব হবে। বিদ্যালয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের নিজেদের প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি এর উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।
পরে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

