Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে ভাসমান দুই ট্রলারসহ ২৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড-নৌবাহিনী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
আগস্ট ২৫, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা দুটি মাছ ধরার ট্রলারসহ ২৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার করা ট্রলার দুটি হলো এফবি মায়ের দোয়া ও এফবি আল-আমীন। পরে উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে সুন্দরবনের পূর্বাঞ্চলীয় শরণখোলা রেঞ্জের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র থেকে ১২ জেলেসহ এফবি মায়ের দোয়া ট্রলারটি উদ্ধার করে কোস্টগার্ড। একই সময় নৌবাহিনীর বিএনএস কপোতাক্ষ জাহাজ ইঞ্জিন বিকল অবস্থায় ১৬ জেলেসহ এফবি আল-আমীন ট্রলারটি উদ্ধার করে কোস্টগার্ডের দুবলা স্টেশনের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া দুটি ট্রলারের মালিকই শরণখোলা উপজেলার বাসিন্দা। এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক উত্তর কদমতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী কালাম খাঁ এবং এফবি আল-আমীন ট্রলারের মালিক একই এলাকার মৎস্য ব্যবসায়ী সোবাহ মৃধা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, রোববার রাতে মাছ ধরার সময় হঠাৎ এফবি মায়ের দোয়া ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারটি সাগরে ভাসতে থাকে। একদিন পর ট্রলারটি নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা মোবাইল ফোনে মালিককে বিষয়টি জানান। পরে ট্রলার মালিক কালাম খাঁ কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

খবর পেয়ে কোস্টগার্ডের দুবলা স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে সাগরে ভাসতে থাকা ট্রলারটি শনাক্ত করেন এবং ১২ জেলেসহ নিরাপদে উদ্ধার করেন।

অন্যদিকে নৌবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় এফবি আল-আমীন ট্রলারটি ভাসতে দেখেন। পরে নৌবাহিনীর সদস্যরা ট্রলারটিতে থাকা ১৬ জেলেকেও জীবিত উদ্ধার করেন। পরে তাদের ট্রলারসহ কোস্টগার্ডের দুবলা স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। বর্তমানে তারা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘‘উদ্ধার করা জেলেদের তাদের মহাজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রলারের মালিকদের দুবলা স্টেশনে আসতে বলা হয়েছে। তারা শরণখোলা থেকে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।’’

তিনি আরও বলেন, ‘‘সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের মানবিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।