দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী পাংগাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ক্বিরাত, রচনা প্রতিযোগিতা ও বিষয়ভিত্তিক বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো. ফেরদৌস আলম। সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন সাঈদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আলী আশরাফ খান ও ইংরেজি বিষয়ের প্রভাষক মো. আবদুল হাই।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মাদরাসার সমৃদ্ধি এবং সবার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মাদরাসার শিক্ষক-কর্মচারী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।

