গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএম মুনতাসির (১৩) নামে এক স্কুলছাত্রকে ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তার সহপাঠীদের বিরুদ্ধে। উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আহত স্কুলছাত্রের বাবা ও মধ্য পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা এসএম মুরাদ এ অভিযোগ করেন।
মুরাদ জানান, তাঁর ছেলে পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করত মুনতাসির। অভিযোগ, স্কুলে যাতায়াতের পথে সহপাঠী ইব্রাহিম ও মুন্না প্রায়ই তাকে সাইকেল থেকে নামিয়ে দিয়ে জোর করে সাইকেল নিয়ে চালাত। এ কারণে গত এক মাস ধরে মুনতাসির সাইকেল নিয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এতে ওই দুই সহপাঠী তার ওপর ক্ষিপ্ত ছিল বলে দাবি করেন তিনি।
মুনতাসিরের বাবার অভিযোগ, বুধবার (২৭ আগস্ট) স্কুলে ফুটবল খেলার সময় ইব্রাহিমের সঙ্গে মুনতাসিরের ধাক্কা লাগে। এতে ইব্রাহিম মাঠে পড়ে গেলে সে ও তার সহযোগী মুন্না মুনতাসিরকে মারধর করে।
এরপর বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নলচিড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন হারুন সিকদারের বাড়ির সামনে মুনতাসিরের পথরোধ করা হয়। সেখানে ইব্রাহিম ও মুন্না ধারালো ব্লেড দিয়ে তার গলা, হাত ও মুখে আঘাত করে বলে অভিযোগ করেন মুনতাসিরের বাবা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে মুরাদ আরও জানান, ঘটনার পর বিষয়টি তিনি স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের জানিয়েছেন। তারা আগামী রোববার (৩০ আগস্ট) উভয় পক্ষকে নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছেন।
পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কেউ জানায়নি। তবে লোকমুখে শুনেছি, রোববার উভয় পক্ষ স্কুলে আসবেন।”
অভিযুক্ত ইব্রাহিম ও মুন্নার বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

