আমতলী (বরগুনা) প্রতিনিধি
গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা আদায়ের দাবিতে বরগুনার আমতলীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় আমতলী গ্রামীণফোন সেন্টারের সামনে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে মেহেরুন্নেসা পিংকির সভাপতিত্বে বুশরা, রুকাইদা, রাইদা, আইমা, হাবিবা, দিনা ও আদনানসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা দীর্ঘ ১৬ বছর ধরে আটকে আছে। এই পাওনা আদায়ের দাবিতে সাবেক শ্রমিকদের সন্তানদের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
তারা বলেন, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে পাওনা আদায়ের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছেন তারা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কার্যকর সমাধান হয়নি।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পাওনা আটকে থাকায় সাবেক কর্মকর্তা-কর্মচারীদের পরিবারগুলো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই অবিলম্বে ৫ শতাংশ বিলম্বজনিত বকেয়া পাওনা পরিশোধের ব্যবস্থা করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান আয়োজকরা।

