টাঙ্গাইল প্রতিনিধি
জ্বালানি সংকটকে কেন্দ্র করে ১১ দলের লংমার্চ ঘিরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভানেত্রী ও শাজাহান সিরাজ কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। একই সঙ্গে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ১১ দলের লংমার্চের মাধ্যমে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, লংমার্চকে কেন্দ্র করে কেউ যেন বিশৃঙ্খলা, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা; অল্প সময়ের মধ্যে এত বড় সংকটের সমাধান সম্ভব নয়। তবে সংকট নিরসনে বিভিন্ন কার্যকর কর্মসূচি ও পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি সংকট অনেকাংশে সমাধান হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাবে এবং জনগণের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হবে।
এদিকে একই অনুষ্ঠানে কালিহাতীর মহেলা রাবেয়া সিরাজ উচ্চবিদ্যালয় মাঠে ২০২৫-২৬ সালের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে হিন্নাপাড়া ফুটবল একাডেমি ও ভাবলা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলায় হিন্নাপাড়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন এবং ভাবলা স্পোর্টিং ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো. শাফি খান, এলেঙ্গা উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. মোজাম্মেল হিরো, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহর আলী, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বালা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলার উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করা সম্ভব। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে।
তিনি আরও বলেন, “আপনারা যখনই খেলাধুলার আয়োজন করবেন, আমি সবসময় খেলাধুলার পক্ষে আছি এবং আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।”
খেলা শেষে প্রধান অতিথি মো. লুৎফর রহমান মতিনসহ অতিথিরা চ্যাম্পিয়ন হিন্নাপাড়া ফুটবল একাডেমি ও রানারআপ ভাবলা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়াপ্রেমী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

