চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীর চারঘাটে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের কোনো বিকল্প নেই। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের একার পক্ষে সম্ভব নয়। মশাবাহিত রোগ প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কারও মধ্যে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানানো হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

