পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় প্রবীণদের কল্যাণে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় প্রবীণ নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর প্রবীণ কল্যাণ কর্মসূচির উদ্যোগে জিনারদী ইউনিয়ন প্রবীণ কল্যাণ সংগঠনের সদস্যদের জন্য তারগাঁও আজির মোড় এলাকায় ডা. কাসেম সরকারের ফার্মেসিতে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।
কর্মসূচিতে চিকিৎসক ডা. বিজয় বনিক (মেডিসিন) প্রবীণদের বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে পরামর্শ দেন। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে গ্রহণ করা প্রয়োজন। অর্থের অভাবে যেন কোনো প্রবীণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
এ সময় জিনারদী ইউনিয়ন প্রবীণ কল্যাণ কর্মসূচির সভাপতি কাদির আকন্দ, সহসভাপতি রুনা আক্তার, সাধারণ সম্পাদক কাসেম সরকার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক সংগঠনের সদস্য, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন কর্মসূচিতে অংশ নেওয়া প্রবীণরা।

