ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের মালিগাঁও ও সাগরদিঘিরপাড় গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। পরে সন্ধ্যার পর রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র রামদা ও বল্লম নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দীর্ঘ সময় ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। পরে খবর পেয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারের নেতৃত্বে বিএনপির একটি অংশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

