বাগেরহাট প্রতিনিধি
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইঞ্জিনিয়ার কাজী মাহমুদ ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইডিইবি বাগেরহাটের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাগুপ্তা হক ও সাবেক পৌর কাউন্সিলর সরদার লিয়াকত আলী।
এ ছাড়া আইডিইবির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মো. আবু হানিফসহ বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও দক্ষ জনশক্তি গঠনে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশের উন্নয়নকে আরও গতিশীল করতে কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, আইডিইবি দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার সংরক্ষণ এবং কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

