মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
গোপন তৎপরতায় অভ্যস্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) বিকেলে পঞ্চগড় শহরের বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, বিএনপি নেতা শফিউজ্জামান পাটোয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।
বক্তারা বলেন, “আমরা যখন রাজপথে আন্দোলনে ছিলাম, তখন কোনো গুপ্ত সংগঠনের অস্তিত্ব ছিল না। আজ যারা আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা করছে, সেই কুলাঙ্গারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের ছাড় দেওয়া হবে না।”
তারা আরও বলেন, “সাম্প্রতিক যেকোনো হত্যাকাণ্ড ও বিশৃঙ্খলার দায়ভার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।”
ছাত্রদলের এ বিক্ষোভে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং আগামী দিনে রাজপথে আরো দৃঢ় আন্দোলনের ঘোষণা দেন।

