কাজী নাসির মঈদ, ঘোড়াঘাট (দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) পৌরসভা কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আল মামুন কাউসার শেখ।
ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। ফলে বাজেটে ৬০ হাজার ৫০০ টাকার উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট অনুষ্ঠানে প্রধান বাজেট উপস্থাপন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মাবুদ, উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণাকে ঘিরে পৌরবাসীর মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

