মো.এনামুল হক, পঞ্চগড়
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা পঞ্চগড় জেলার ২৮টি মিথ্যা মামলা অবশেষে নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, “গত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা ও সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় প্রায় ৩ হাজারেরও বেশি মানুষকে আসামি করা হয়।”
তিনি আরও জানান, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আইন মন্ত্রণালয়, সরকারের সদিচ্ছা, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগের সম্মিলিত সহযোগিতায় এসব হয়রানিমূলক মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে। সরকার পরিবর্তনের মাত্র ৯ মাসের মধ্যেই আমরা এই ২৮টি মামলার নিষ্পত্তি করেছি।”
পিপি আদম সুফি জানান, অনেকেই জানেন না যে মামলাগুলো এখন নিষ্পত্তি হয়ে গেছে, তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণকে বিষয়টি জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট ইয়াছিনুল হক দুলাল, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, এপিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আইনজীবীরা।

