মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুরে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে দেশের এক চিহ্নিত আন্তঃজেলা ডাকাত মোঃ কামাল হোসেন (৫৫)। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইন এবং সঙ্ঘবদ্ধ অপরাধসহ বিভিন্ন জেলায় মোট ১২টি মামলা রয়েছে। দীর্ঘ ৩৫ বছর ধরে ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করা এই অপরাধীকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বিরামপুর থানা পুলিশ।
গত শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটাকপুর গ্রামে নিজ শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার টিককাটা গ্রামের মৃত আজিজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুলতানপুর গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কামাল হোসেনের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুরে ৩টি, বোচাগঞ্জে ১টি, ফুলবাড়ীতে ১টি, পঞ্চগড় সদর ও তেতুলিয়ায় ২টি, বগুড়া সদরে ১টি, টাঙ্গাইল সদরে ১টি এবং ঢাকার বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের অস্ত্র আইন এবং দণ্ডবিধির ৩৭৯, ৩৯৫, ৩৯৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, “চিহ্নিত এই ডাকাতকে ধরতে আমরা দীর্ঘদিন গোয়েন্দা নজরদারিতে রেখেছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরও জানান, কামাল হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আন্তঃজেলা ডাকাত চক্রের অনেক গোপন তথ্য বেরিয়ে আসতে পারে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে এবং অপরাধ দমনে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

