খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীর বুকজুড়ে অবস্থিত বিচ্ছিন্ন মাঝিয়ালির চরবাসীর চলাচলের সমস্যা দূর করতে সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার নিজে এসে একটি নতুন নৌকা হস্তান্তর করেন।
চরের ১৩টি পরিবার বর্ষার সময় চারদিক পানিতে ঘেরা হয়ে চলাচলে সমস্যা অনুভব করতেন। নৌকার অভাবে শিশুরা স্কুলে যেতে পারত না, অসুস্থ হলে চিকিৎসা নেওয়াও বিলম্বিত হতো। সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেয়া হয়।
নৌকা হস্তান্তরের সময় ইউএনও বলেন, “মানুষের কষ্ট কমানোই সরকারের কাজ। আশা করি, এই নৌকা অন্তত কিছুটা হলেও তাদের চলাচলের সমস্যার সমাধান করবে।”
চরের বাসিন্দারা নতুন নৌকা পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আব্দুল লতিফ বলেন, “আমরা শুধু কষ্টের কথা বলেছিলাম, ভাবিনি এত দ্রুত সমাধান আসবে।” অন্য বাসিন্দা সোহেল ইসলাম বলেন, “এটি আমাদের জীবনের জন্য বড় প্রাপ্তি। এখন শিক্ষা ও চিকিৎসার সুযোগ আরও সহজ হবে।”

