নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব মাছ চাষ সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মৎস্য অধিদপ্তর, গাজীপুর-এর উদ্যোগে এবং গাকৃবির ফিশারিজ অনুষদের সার্বিক সহযোগিতায় গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার একটি নির্ধারিত পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান। পোনা অবমুক্তকরণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
আলোচনায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে গবেষণাভিত্তিক পরিকল্পনা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় অপরিহার্য।
ঢাকা বিভাগের মৎস্য পরিচালক তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে মাছের উৎপাদন যেমন বাড়বে, তেমনি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত করা সহজ হবে।”
উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “এ ধরনের উদ্যোগ দেশের মৎস্যখাতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। গাকৃবি ও মৎস্য অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় আমরা একটি টেকসই ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে পারি।”
তিনি মৎস্য অধিদপ্তরকে গাকৃবির শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

