নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এক চাঞ্চল্যকর ঘটনায় ডাকাতি মামলার আসামি মামুন ওরফে লাল চান ওরফে কালাচান (৩৫) হ্যান্ডকাফ খুলে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হাতে পুনরায় আটক হন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে হাজিরা শেষে কোর্টের গারদ খানায় নেওয়ার পথে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামুন কৌশলে হাত থেকে হ্যান্ডকাফ খুলে দ্রুত দৌড়ে জজ কোর্টের মূল ফটক অতিক্রম করে পালিয়ে যায়। পুলিশ ও উপস্থিত লোকজন তখন চিৎকার শুরু করলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে। কিছু সময় পর আসামি আদালতের পাশের একটি বাউন্ডারি ওয়ালের ভেতরে জঙ্গলের মধ্যে লুকানোর চেষ্টা করলে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গাজীপুর কোর্ট ইন্সপেক্টর মো. আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামির পালানোর চেষ্টাটি ব্যর্থ হয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তার করে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
আটক মামুন টাঙ্গাইল জেলার সখিপুর থানার বেরবাড়ি খন্দকারপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মামুন দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

