রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
শিক্ষার মান উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে করণীয় প্রসঙ্গে মাদারীপুরের রাজৈরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) সকাল ১০টায় কদমবাড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কদমবাড়ি ইউনিয়ন কল্যাণ পরিষদ, ঢাকা’র উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কদমবাড়ি ইউনিয়ন কল্যাণ পরিষদের সভাপতি তাপস ঢালী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তরুণীকান্ত বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক অসীম কান্তি বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা ও কদমবাড়ি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সুধাংশু কুমার গায়েন, এনসিটিবির সাবেক প্রধান সম্পাদক ও একাডেমির উপপরিচালক অধ্যক্ষ ড. সন্তোষ ঢালী, ফোকলোর গবেষক ও সাংবাদিক ড. তপন বাগচী, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক উপপরিচালক ড. রসময় কির্ত্তনীয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসীম সরকারসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সুধীজন ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কদমবাড়ি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপক বিশ্বাস।
বক্তারা বলেন, এলাকার শিক্ষার মানোন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজকে শিক্ষায় মনোনিবেশ করে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

