শারমিন সুলতানা, নরসিংদী প্রতিনিধি
“সৎ নেতৃত্ব ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়”—এমন মন্তব্য করেছেন নরসিংদী-০২ (পলাশ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী ও হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদ।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পারুলিয়া নিজ বাসভবনে পলাশ উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মুহসীন আহমেদ বলেন, “একটি সমাজকে এগিয়ে নিতে হলে নেতৃত্বে থাকতে হবে সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। আমি যদি এমপি নির্বাচিত হই, তবে পলাশের সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ব। আমার যে জমিজমা রয়েছে, তা জনগণের কল্যাণে ব্যবহারের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, পলাশে জাতীয় মানের একটি মেডিকেল কলেজ, একটি মাদ্রাসা এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করব।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ ইকরাম হোসেন, যিনি সভাটি সঞ্চালনা করেন। এ ছাড়া, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভার মাধ্যমে মুহসীন আহমেদ তার ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের প্রতি দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

