রাজশাহী প্রতিনিধি
রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে বন্ধ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের শেষ দিনের মনোনয়নপত্র বিতরণ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোষাধ্যক্ষ কার্যালয়ের দরজায় তালা দিয়ে ফরম বিতরণ বন্ধ করে দেন।
এরপর দুই ঘণ্টা পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা ফরম তুলতে আসেন, কিন্তু তালা খুলতে দেয়নি ছাত্রদল। এর আধাঘণ্টা পর উপস্থিত হন ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
রোববার মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন হওয়ায় এতে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগ পর্যন্ত রাকসু ও সিনেট নির্বাচন মিলিয়ে ১৯৮টি মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
ছাত্রদল দাবি করছে, প্রশাসন তাদের প্রতি পক্ষপাতিত্ব করছে এবং রাবি প্রশাসন গোপন সংগঠনকে প্রতিষ্ঠিত করতে নতুন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে না, ফলে তাদের ভোটাধিকার বঞ্চিত হচ্ছে। তারা এ পায়তারা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে।
অপরদিকে প্রথম বর্ষের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্য ক্যাম্পাসগুলোতে যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেনো এমন বৈষম্যমূলক আচরণ করছে। তারা দাবি করেন, “আমরা আমাদের ভোটাধিকার চাই।”
সকাল থেকে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে ছাত্রদল, ছাত্রশিবির ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত প্রশাসনের কোনো হস্তক্ষেপ দেখা যায়নি।
দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা তাদের অনুসারীদের নিয়ে কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা ভেঙে ফরম সংগ্রহ শুরু করেছে।

