মোছা: কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ব্যবস্থাপনা বিভাগকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ।
রবিবার (৩১শে আগস্ট) বিকাল চারটায় কবি নজরুল সরকারি কলেজ মাঠে ইসলামিক স্টাডিজ ও ব্যবস্থাপনা বিভাগের এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হায়দার মিঞা , ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আতাউর রহমান সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা। এসময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
এসময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তোমরা যারা খেলায় অংশগ্রহণ করেছ এবং যারা বিভিন্ন দলের সঙ্গে লড়াই করে এই চুড়ান্ত পর্যায়ে এসেছ তোমাদের সকলকে অভিনন্দন। এই খেলায় আমাদের হারার কিছুই নাই এখানে কবি নজরুল কলেজ বিজয়ী হয়েছে। খেলায় প্রচুর প্রতিযোগিতা হয়েছে আসলে একদল হারে আরেক দল বিজয়ী হয় এটাই স্বাভাবিক এটা কে আমরা আনন্দ হিসেবে নিয়েছি। ছাত্র সংগঠনসহ যারা এই খেলায় সহযোগিতা করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।
তিনি আরোও বলেন, ভবিষ্যতে আমরা এখানেই থেমে থাকবো না,আমি মনে করি সকল বিভাগ থেকে ভালো খেলোয়াড় নিয়ে একটি টিম গঠন করা উচিত যাতে আমরা জাতীয় পর্যায়ে কবি নজরুল সরকারি কলেজের মুখ উজ্জ্বল করতে ।
সমাপনী পর্বে বিজয়ী ও রানার-আপ দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।

