মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে নাকের সামনে চেতনানাশক দিয়ে অচেতন করে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনা কাউকে জানালে শিশুটির পুরো পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত সোহাগ শিকদার পলাতক রয়েছেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের আক্কেল শিকদারের ছেলে সোহাগ শিকদার প্রতিবেশী শিশুটিকে তার নিজ বাড়িতে ডেকে নেয়। অভিযোগ অনুযায়ী, সেখানে সে শিশুটির নাকের সামনে চেতনানাশক ব্যবহার করে তাকে অচেতন করে এবং দরজা বন্ধ করে ধর্ষণ করে।
প্রায় তিন ঘণ্টা পর শিশুটির জ্ঞান ফিরলে সোহাগ তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়, যদি তারা এ বিষয়ে কাউকে কিছু জানায়। এরপর শিশুটি বাড়িতে ফিরে আসে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির প্রচুর রক্তক্ষরণ শুরু হলে প্রথমে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

