রুয়েট প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি আবাসিক হলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ৫২৫ নম্বর কক্ষে এই আগুন লাগে। এতে একটি ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের ফাহিম হাসান রনক জানান, রাত আনুমানিক ১টার দিকে এক আত্মীয় অসুস্থ হয়ে পড়লে তিনি ও তার দুই রুমমেট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান। ভোর সাড়ে ৪টার দিকে হলে ফিরে এসে তারা দেখেন, তাদের কক্ষে আগুন জ্বলছে। ততক্ষণে ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে অঙ্গারে পরিণত হয়েছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ব্যাপক চেষ্টা করতে হয়। প্রায় ৪ থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত পদক্ষেপের কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ শহীদ শহীদুল ইসলাম হল এবং ২৬ এপ্রিল হামিদুল ইসলাম হলে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা তিন মাসে রুয়েটের বিভিন্ন হলে আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

