আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া থেকে খাজরা ইউনিয়ন পরিষদগামী জরাজীর্ণ এইচবিবি সড়ক সংস্কারে সার্ভের কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি এবার কার্পেটিং করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, পিরোজপুর এলাকার সাইফুল্লাহ গাজীর বাড়ি থেকে খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলজিইডির আওতাধীন সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের প্রচেষ্টায় সড়কটি কার্পেটিং করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে জপুর যজ্ঞ মন্দিরের সামনে এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সার্ভে কাজের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার্ভের মাধ্যমে সড়কের মাপজোক ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর প্রাক্কলন (স্টিমেট) ও বাজেট প্রস্তুতের কাজ শুরু হবে। এরপর কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মূল নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রায় ১ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ এবং ১০ ফুট প্রশস্ত সড়কটি এইচবিবি থেকে কার্পেটিং সড়কে উন্নীত করা হবে। স্থানীয়রা দ্রুত কাজ শুরুর মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন।

