নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন জাতের আম। অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে জেলা প্রশাসন এবারও আম সংগ্রহের সময়সূচি ঘোষণা করেছে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ের আগেও আম সংগ্রহ করা যাবে।
রোববার বিকেল ৪টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ সময়সূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে এ বছরের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ মে থেকে সব ধরনের গুটি জাতের আম সংগ্রহ করা যাবে।
এছাড়া উন্নত জাতের আম সংগ্রহের সময়সূচি হলো—
৩০ মে থেকে গোপালভোগ
২ জুন থেকে ক্ষীরসাপাত বা হিমসাগর
৫ জুন থেকে নাক ফজলি
১০ জুন থেকে ল্যাংড়া ও হাঁড়িভাঙা
১৫ জুন থেকে আম্রপালি
২৫ জুন থেকে ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো
৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন আম সংগ্রহ করা যাবে।
সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মণ্ডলসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় প্রায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার শুধু নওগাঁ জেলা থেকেই প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “পরিপক্ব আম বাজারে আনার লক্ষ্যেই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কোনো দুর্যোগ দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আম সংগ্রহ করা যাবে। তবে অধিক মুনাফার আশায় নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না।”
তিনি আরও বলেন, “নওগাঁর আমের সুনাম অক্ষুণ্ণ রাখতে জেলা জুড়ে প্রচারণা চালানো হবে। এ বিষয়ে আমচাষি ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি।”

