নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া মঙ্গলবার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন।
এসময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কারাবন্দিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যেসব বিষয় সমাধানযোগ্য, তা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
ডিসি মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “কারাগার কেবল বন্দী রাখার স্থান নয়; এটি একটি সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি বন্দিদের মানবিক উন্নয়ন ও পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাঈন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক কারাগার প্রাঙ্গণে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করেন।

