ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বর্নব কাঁহার নামে দেড় বছরের এক শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন-এর ৬নং ওয়ার্ড খাসের হাট সংলগ্ন হিমাংশু কামারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বর্নব ওই বাড়ির পাপন চন্দ্র কাঁহারের ছেলে।
শিশুটির বাবা পাপন চন্দ্র কাঁহার জানান, দুপুরে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বর্নব বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় পাশের এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মো. কবির হোসেন।
এ নিয়ে গত ১০ দিনে হাতিয়ায় পানিতে ডুবে অন্তত ৫ শিশুর মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১১ মে উপজেলার সোনাদিয়া ইউনিয়ন-এর সেকু মার্কেট সংলগ্ন এলাকায় ফরিদ মিস্ত্রির ৫ বছরের ছেলে সাইমন উদ্দিন সামিমের মরদেহ বাড়ির পশ্চিম পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়। একই দিন চরকিং ইউনিয়ন ভবের বাজার সংলগ্নে আরও এক শিশু পানিতে পড়ে মারা যায়।
এর আগে ৯ মে চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ছদরী (চৌধুরী) মিস্ত্রির বাড়িতে পুকুরে পড়ে ৭ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়।
এছাড়া গত সপ্তাহে একই এলাকার সারোয়ার মাস্টারের দুই বছরের শিশুপুত্র পানিতে ডুবে মারা যায়।
একের পর এক পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন নাগরিকরা শিশুদের প্রতি বাড়তি নজরদারি ও বাড়ির আশপাশের পুকুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন।

