কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং প্রাক-প্রাথমিক শিক্ষাকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুসজ্জিত ও দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে।
বিদ্যালয়ের প্রবেশমুখ, দেয়াল ও শ্রেণিকক্ষগুলোতে আঁকা হয়েছে বাংলা ও ইংরেজি বর্ণমালা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তারিখ, ফলমূল, দেশ-প্রকৃতি, কার্টুন এবং নানা মনীষীর ছবি ও বাণী। ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে শিক্ষামূলক নীতিবাক্য, যা কোমলমতি শিক্ষার্থীদের সহজেই আকৃষ্ট করছে।
সরেজমিনে দেখা যায়, রংতুলির ছোঁয়ায় পুরো বিদ্যালয়টি এখন এক দৃষ্টিনন্দন রঙিন পরিবেশে রূপ নিয়েছে। বিদ্যালয়ের দেয়াল যেন রংধনুর সাত রঙে রাঙানো এক শিক্ষামূলক ক্যানভাস। শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে প্রবেশের আগেই এসব চিত্র ও বাণী দেখে নতুন বিষয় সম্পর্কে জানতে পারছে।
শিক্ষার্থীরা জানায়, এখন বিদ্যালয়ে আসতে তাদের আনন্দ লাগে। তারা ছবি ও নকশা দেখে সহজেই অনেক কিছু শিখতে পারছে। আগে যেখানে স্কুলে আসতে অনাগ্রহ ছিল, এখন সেখানে বিদ্যালয় তাদের কাছে একটি আনন্দঘন পরিবেশে পরিণত হয়েছে।
এক অভিভাবক মোশারফ হোসেন বলেন, বিদ্যালয়টি দৃষ্টিনন্দন হওয়ায় শিশুরা পড়াশোনায় আগ্রহী হয়ে উঠছে, ফলে অভিভাবকরাও সন্তুষ্ট।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মজুমদার জানান, সুন্দর ও সুস্থ পরিবেশ শিশুদের শেখার আগ্রহ বাড়ায়। দেয়ালে আঁকা পাঠ্যবই সংশ্লিষ্ট ছবি শিক্ষার্থীদের সহজে বিষয়বস্তু বুঝতে সহায়তা করছে, এতে তাদের সৃজনশীলতা ও অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, আগে বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ ও অস্বাস্থ্যকর থাকলেও স্থানীয়দের সহযোগিতা ও শিক্ষা অফিসের সহায়তায় সেটি ভরাট করে সবুজ ঘাসে আচ্ছাদিত করা হয়েছে। বর্তমানে মাঠটি শিশুদের খেলাধুলার জন্য উপযোগী ও আনন্দময় স্থান হয়ে উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, সরকারি বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়গুলোকে স্মার্ট ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিশুরা আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে এবং বিদ্যালয়মুখী হয়।

