গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যানচালক মঞ্জু বেপারী (৫০) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধ চলাকালীন সময়ে গ্রামবাসী বলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার ভ্যানচালক মঞ্জু বেপারীকে হত্যার প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা অতিদ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এরপরও যদি হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার না করা হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে গ্রামবাসী।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১টার দিকে কাসেমাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ভ্যানচালক মঞ্জু বেপারী নিজ বাড়িতে ফেরার সময় ওই এলাকার মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন রাস্তায় দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

