বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা যায়, কেদারপুর ইউনিয়নের মোট ৩৩১ জন উপকারভোগী নারীর মাঝে মার্চ ২০২৬ থেকে মে ২০২৬ পর্যন্ত তিন মাসের চাল একসঙ্গে বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে প্রতি মাসে ৩০ কেজি হারে মোট ৯০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও বাবুগঞ্জ উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় হতদরিদ্র ও অসহায় নারীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মুসা আলী, মোঃ আরিফুর রহমান, ইউপি সচিব ইসুব আলী দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবমুখর পরিবেশে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

